ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নতুন লুক নিয়ে নতুন নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই নায়ক। আসছে ঈদে মুক্তি পাবে তার ‘প্রিন্স’ সিনেমাটি। ইতোমধ্যে ছবিটির মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সে ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল ‘প্রিন্স’র টিজার।
আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির টিজারটি শুরু হয় ঢাকার এক গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা দিয়ে। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিব বলেন, ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে ভয়ংকর নেকড়ে।
লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক ‘মিনিগান’ নিয়ে ধরা দিয়েছেন শাকিব। পুরো টিজারজুড়ে ছিল আধুনিক মানের অ্যাকশন কোরিওগ্রাফি। বিশেষ করে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাটে শাকিবকে যেভাবে অনেক শত্রুর বিরুদ্ধে লড়তে দেখা গেছে, তা ছিল নিখুঁত।
টিজারের শেষে শাকিব কিলার লুকে বলেন, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো… প্রিন্স।
ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। আর ক্যামেরার দায়িত্বে ছিলেন ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায়।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী।





