ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের সামনে কঠোর বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি স্পষ্টভাবে বলেন, অন্য কোনো দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে কোনো দেশের বাণিজ্য বাধাগ্রস্ত না করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বিশ্বজুড়ে ক্ষমতার দাপট বা একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে পারস্পরিক আলোচনা ও ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে শি জিনপিং বলেন, এই সংঘাত পুরো বিশ্বের জন্য ক্ষতিকর এবং এটি সাধারণ মানুষের জীবনকে কেবল ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে। এদিকে সম্মেলনের সূচনা বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোটের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের অর্ধেক জনসংখ্যা এবং বৈশ্বিক অর্থনীতির ৪০ শতাংশ এখন আমাদের হাতে। সব দেশকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর তিনি জোর দেন। এএফপি-এর তথ্য অনুযায়ী, এই সম্মেলন বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।