Skip to main content

Brick Lane News

আরও পাঁচ সিটির দায়িত্ব বিএনপি নেতাদের হাতে

আরও পাঁচ সিটির দায়িত্ব বিএনপি নেতাদের হাতে

পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নিয়োগ পাওয়া পাঁচজনই বিএনপির নেতা।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজুর রহমান। বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন ও ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা ও রংপুর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী।

প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

আরও বলা হয়, নিয়োগ পাওয়া এসব প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।