বলিউডের আলোচিত দুই তরুণ তারকা ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারিকে নিয়ে ফের শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি তাদের মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল পড়ে যায়। ভিডিওতে পলককে সবুজ রঙের টপ ও নীল জিনসের ক্যাজুয়াল লুকে দেখা যায়, আর ইব্রাহিমকে দেখা যায় অলিভ-গ্রিন শার্ট ও ট্রাউজার্সে। হাতে কফির কাপ নিয়ে পলকের পেছনে হাঁটতে দেখা যায় ইব্রাহিমকে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ তাদের ‘সুন্দর জুটি’ হিসেবে আখ্যায়িত করেছেন। সোশ্যাল মিডিয়ায় নূরজাহান নামের একজন মন্তব্য করেছেন, “খুব সুন্দর জুটি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।” শফিক নামে আরেকজন লিখেছেন, “তারা একে অপরের জন্যই তৈরি।” স্নেহার ভাষ্য, “তাদের একসঙ্গে দেখতে দারুণ লাগছে।” এমন নানা মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বক্স।
যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও বা প্রেমের গুঞ্জন নিয়ে দুই তারকার কেউই এখনো কোনো মন্তব্য করেননি। তবে অতীতে এ বিষয়ে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন। গত বছরের এপ্রিলে ফিল্মফেয়ারের সাথে আলাপকালে ইব্রাহিম জানিয়েছিলেন, পলক তার ভালো বন্ধু এবং খুবই মিষ্টি একজন মানুষ। এর আগেও তাদের ছবি নিয়ে গুঞ্জন উঠলে পলক তা নাকচ করে বলেছিলেন, “এটি শুধুই বন্ধুত্ব। বিষয়গুলো সবই অনুমান নির্ভর, তাই এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। আমাদের সঙ্গে সেসময় আরও অনেকে ছিল, শুধু আমরা ছিলাম না।”
উল্লেখ্য, পলক তিওয়ারি অভিনেতা রাজা চৌধুরী ও শ্বেতা তিওয়ারির কন্যা। তার বাবা-মা অতীতে মেয়ের সম্পর্কের বিষয়ে বিভিন্ন সময় মন্তব্য করলেও তা নিয়ে নানা মতপার্থক্য দেখা গেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে পলক ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ ও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে, ইব্রাহিম আলী খান গত বছর ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন, যেখানে তার বিপরীতে ছিলেন খুশি কাপুর।