Brick Lane News

বিএনপি সরকারের ঘোষিত এই বাজেট বাস্তবতাবিবর্জিত: নাহিদ ইসলাম

বিএনপি সরকারের ঘোষিত এই বাজেট বাস্তবতাবিবর্জিত: নাহিদ ইসলাম

বিএনপি সরকারের ঘোষিত এই বাজেট বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই বাজেট দিয়ে অর্থনৈতিক সংস্কার হবে না।

শুক্রবার (১২ জুন) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এটি আসলে বাস্তবতাবিবর্জিত। কারণ, বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে কাঠামো রয়েছে, এরমধ্যে এটা সম্ভব না।

এনসিপি আহ্বায়ক বলেন, আমরা আশা করেছিলাম রাজনৈতিক সংস্কারের পর অর্থনৈতিক সংস্কার হবে। সেটি এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না।

তিনি বলেন, বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা (সরকার) দেখিয়েছে। কিছু পণ্যের কর কমিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় তারা বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলো ইতিবাচক হলেও বাস্তবায়নযোগ্য হবে না বলে মনে করছেন এই এনসিপি নেতা।

বিদ্যুতের দাম বৃদ্ধির ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এত কম সময়ে আগে কখনও বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা বিভাগে ১১-দলীয় জোট প্রোগ্রাম করছি।

নাহিদ ইসলাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্নীতি। এই বাজেট কীভাবে দুর্নীতি বন্ধ করবে। বড় বাজেট মানে সেটাকে নিয়ে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকারদলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছেন, কিন্তু বিরোধীদলীয় এমপিরা পাচ্ছেন না, তারা সেটি কীভাবে করছে। অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নেই। দুর্নীতি নিয়ে, ঋণখেলাপিদের নিয়ে কোনো কথা নেই।