Skip to main content

Brick Lane News

বিদেশে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

বিদেশে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর একদিন পর আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অবস্থার অবনতির কারণে শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এমনটা খোদ নিশ্চিত করেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। তিনি বলেন, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তাঁকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই চিকিৎসার উদ্দেশ্যে দুজন একসঙ্গেই বিদেশ সফরে যাবেন।

গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি বাইপাস সার্জারির পর তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামে একটি জটিল রোগে আক্রান্ত হন, যার কারণে মাঝে মাঝে তিনি স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

তিনি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে কয়েক দিন ধরেই তাঁর ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল। বাড়িটির সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা

বগুড়ার শেরপুরে শনিবার পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নতুন রাষ্ট্রপতি বিএনপির দলীয় প্রার্থী হবেন নাকি নির্দলীয় কেউ—সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

একই দিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সেই অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। তাই বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই।

অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামই সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতির বিচারের দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যও দলের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিবেশমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ করা তাঁর সাংবিধানিক অধিকার। তিনি কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে নিশ্চিত নন। তবে এ পদত্যাগের পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে বলে তাঁর মনে হয় না।

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে বসবাস করবেন না। তিনি স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন, তবে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবন থেকে।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন।