উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে বাংলাদেশি ৩০ যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে সোমবার (১ জুন) তাদের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়।
বাতিল ও জামানত বাজেয়াপ্ত হওয়া তিন রিক্রুটিং এজেন্সি হলো, আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
রাতে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। ওই ৩০ যুবককে দেশে ফিরিয়ে আনার জোর তৎপরতা চলছে বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।
ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
প্রতারণামূলকভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এর মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি মস্কোর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছু নাগরিকদের যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।