Brick Lane News

আমিরপুত্র জুনাইদের সিনেমায় অরিজিতের গান

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১১:২৩ পিএম

আনুষ্ঠানিকভাবে প্লেব্যাক ছাড়লেও গান যে ছাড়েননি—সেটা কয়েকদিন আগেই বলেছিলেন অরিজিৎ সিং। সিনেমার গানের একঘেয়েমিতে সম্প্রতি অরিজিৎ প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে আমির খানের ছেলে জুনাইদ খানের নতুন সিনেমার ট্রেলারে অরিজিতের গান শুনে চমকে উঠলেন ভক্তরা।

মুক্তি পাওয়া ‘এক দিন’ সিনেমার ট্রেলারে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে পর্দায় আমিরের ছেলে জুনাইদ খানের রসায়ন দেখে মুগ্ধ দর্শকরা। বুধবার মুক্তি পেয়েছে ‘এক দিন’-এর ট্রেলার। এখানে শোনা গেল অরিজিতের মুগ্ধ করা কণ্ঠে ‘মেরে রহো’ গানের অংশটি। সেটি শুনেই উত্তেজনায় গায়ে কাঁটা সংগীতপ্রেমীদের। উচ্ছ্বসিত তার ভক্তরা।

অবসর ঘোষণার পর হঠাৎ জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে এসেছিলেন আমির। সে নিয়ে ছিল বিস্তর আলোচনা। এখন জানা গেল, ছেলের সিনেমার এই গানটি তৈরির জন্যই আমিরের সেখানে যাওয়া। তারপর থেকে কৌতূহল অনেকটাই বেড়েছে এই সিনেমা ঘিরে। সূত্র: এইসময় অনলাইন

সুনীল পান্ডে পরিচালিত ‘এক দিন’-এর ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার দেখেই বোঝা গেছে, এটি একটি নিখাদ প্রেমের গল্প। জুনাইদ একটি ‘ফরচুন বেল’-এর কাছে প্রার্থনা করে যেন সে তার প্রিয়তমা মীরাকে (সাই পল্লবী) অন্তত একটি দিনের জন্য হলেও নিজের করে পায়। ভাগ্যক্রমে সেই ইচ্ছা পূরণ হয় এবং তারা দুজন কাটান জীবনের শ্রেষ্ঠ একটি দিন। ২০১৬ সালের থাই মুভি ‘ওয়ান ডে’-র রিমেক এ সিনেমাটির ট্রেলার দর্শকদের মনে এক অম্লমধুর অনুভূতির জন্ম দিচ্ছে। বর্তমান সময়ের ভায়োলেন্স সিনেমার ভিড়ে রোমান্টিক ঘরানার ‘এক দিন’ একেবারে আলাদা সিনেমা হতে যাচ্ছে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১ মে। বলিউডে সাই পল্লবীর প্রথম এবং জুনাইদ খানের তৃতীয় সিনেমা ‘এক দিন’-এর ম্যাজিক দেখার অপেক্ষায় দর্শক।

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি