Brick Lane News

বিএনপির ২১১ সাংসদকে তীরের মতো সোজা করার হুমকি জামায়াতের সাংসদ ও ইসলামি বক্তা আমির হামজার

বিএনপির ২১১ সাংসদকে তীরের মতো সোজা করার হুমকি জামায়াতের সাংসদ ও ইসলামি বক্তা আমির হামজার

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য মিলে সরকারি দলের ২১১ জনকে ‘তীরের মতো সোজা’করে ফেলব।

শুক্রবার কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, শেরপুরের একজন নিয়ে ৭৯ জন। আর বাকি আছে ২১১ জন। মসজিদের ভেতরে বসে বলছি, ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব সংসদের ভেতরে হোক বা বাইরে।”

তিনি আরও বলেন, ন্যায়বিচারের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচ্য হওয়া উচিত নয়। “চাঁদাবাজি আমার দলের লোক করলে সমস্যা নেই, আর অন্য দলের করলে ধরতে হবে এটা ন্যায়বিচার নয়,” মন্তব্য করেন তিনি।

মুফতি আমির হামজা বলেন, তিনি ১ লাখ ৮৩ হাজার ভোট পেলেও পুরো আসনের প্রায় সাড়ে ৪ লাখ মানুষের প্রতিনিধিত্ব করবেন। আগামী পাঁচ বছর সঠিকভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এমপি হিসেবে তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি।