Skip to main content

Brick Lane News

প্রশান্ত মহাসাগরে নৌযানে ভয়াবহ মার্কিন হামলা; নিহত ৩

প্রশান্ত মহাসাগরে নৌযানে ভয়াবহ মার্কিন হামলা; নিহত ৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এ অভিযানকে সাম্প্রতিক সময়ের সর্বশেষ সামরিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম তদারককারী মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবারের অভিযানে তিনজন নিহত হয়েছেন। সংস্থাটি একে প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক-পাচার রুটে ‘মারাত্মক হামলা’ বলে বর্ণনা করেছে। তবে নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি মার্কিন সেনাবাহিনী।

এই ঘটনার পর পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিযানে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪৮ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৪৩টি অভিযানে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

ল্যাটিন আমেরিকার কয়েকজন নেতা, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এসব অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে, যেখানে ওয়াশিংটনের সরাসরি এখতিয়ার নেই।

সাউথকমের প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, গুলিবর্ষণের পর একটি নৌকার বহির্গামী ইঞ্জিনে আগুন ধরে যায়।