Skip to main content

Brick Lane News

কুয়াকাটায় দোকানে হামলা-ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার

কুয়াকাটায় দোকানে হামলা-ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে ‘তানিসা আচার ঘর’ নামের একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মহিপুর থানা-পুলিশ নিজ এলাকা থেকে তাঁকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাকসুদ আকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ঘটনার বিষয়ে দোকানের মালিক মনিরুল হাওলাদার বৃহস্পতিবার সকালে মহিপুর থানায় লিখিত অভিযোগ দেন। এতে মাকসুদ আকন (৩০), মো. শাহীন মুসল্লী (২৮), আবদুর রহিম (৩০)সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দোকানের কর্মচারী হাসানকে হুমকি দিয়ে মারধর করেন। পরে দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করা হয় এবং ক্যাশ থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই অভিযুক্তরা সরে পড়ে। স্থানীয়দের দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।