Skip to main content

Brick Lane News

ইসলামিক রিপাবলিককে ট্রাম্প নিশ্চিহ্ন করতে পারবেন না : খামেনি

ইসলামিক রিপাবলিককে ট্রাম্প নিশ্চিহ্ন করতে পারবেন না : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ৪৭ বছরেও ইসলামিক রিপাবলিক ইরানকে নির্মূল করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

মঙ্গলবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশে ১৯৭৮ সালের তাবরিজ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে, যেখান থেকে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়।

ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠানো সংক্রান্ত মার্কিন মন্তব্যের জবাবে তিনি বলেন, যুদ্ধজাহাজ বিপজ্জনক হলেও তাকে সাগরের তলদেশে ডুবিয়ে দিতে সক্ষম অস্ত্র আরও ভয়ংকর।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও শর্তারোপের লক্ষ্য ইরানি জাতির ওপর আধিপত্য বিস্তার। তবে ইরানি জনগণ তাদের ইসলামী ও শিয়া ঐতিহ্য সম্পর্কে সচেতন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

পারমাণবিক ইস্যুতে খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আন্তর্জাতিক কাঠামোর মধ্যেই স্বীকৃত। এ অধিকার খর্বের জন্য বাহ্যিক চাপকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশের প্রতিরোধমূলক সামরিক সক্ষমতা থাকা জরুরি। পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে দেশ ঝুঁকির মুখে পড়ে।