ব্রিকলেন নিউজ, লন্ডন: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরে একটি বিদেশি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
বার্তাগুলোতে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে সতর্ক করা হয়। গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখলে তাঁর জীবন বিপন্ন করার হুমকি দেওয়া হয়। একটি বার্তায় তাঁকে কাফনের কাপড় প্রস্তুত রাখার কথাও বলা হয়।
এ ঘটনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৯০৪।
হুমকির ঘটনায় ব্যবহৃত বিদেশি মোবাইল নম্বরটির পরিচয় শনাক্ত এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।