Skip to main content

Brick Lane News

বিশ্বের নজর এখন বৃহস্পতিবারের সেই বৈঠকের দিকে

বিশ্বের নজর এখন বৃহস্পতিবারের সেই বৈঠকের দিকে

ব্রিকলেন নিউজ, লন্ডন: আগামীকাল বৃহস্পতিবার চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরমাণু শক্তিধর এই তিন প্রভাবশালী নেতার ঐতিহাসিক এই বৈঠক ঘিরে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার শেনজেনে পৌঁছে তিনি অ্যাপেক সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্যদিকে, এশিয়া সফরের অংশ হিসেবে ফিলিপাইন সফর শেষে চীনে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার আনুষ্ঠানিকভাবে জানায়, ১৯ নভেম্বর শেনজেনে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্প ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিনও বৈঠকের বিষয়টি নিশ্চিত করে।

ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মমধ্যাহ্নভোজেরও কথা রয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, বিদ্যমান সমঝোতা বাস্তবায়ন এবং কৌশলগত বিরোধের বিষয়গুলো এতে গুরুত্ব পেতে পারে।

তিন নেতার আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ গুরুত্ব পাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের লক্ষ্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনার সূচনা করা।

তবে এ বিষয়ে চীনের অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম। ফলে দুই দেশের সঙ্গে একই কাঠামোয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশ নিতে বেইজিং এখন পর্যন্ত খুব একটা আগ্রহ দেখায়নি।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়েও রয়েছে ভিন্ন অবস্থান। রাশিয়া এ যুদ্ধের বিষয়ে আলোচনা করতে আগ্রহী হলেও মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এবারের ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ আলোচনার প্রধান বিষয় হওয়ার কথা নয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আলাদা কূটনৈতিক উদ্যোগ চলছে।

কূটনৈতিক গুরুত্ব ও উদ্বেগ

বিশ্লেষকদের মতে, বৈঠকটির গুরুত্ব শুধু আলোচনার বিষয়বস্তুতে সীমাবদ্ধ নয়; তিন নেতার একসঙ্গে বসার রাজনৈতিক তাৎপর্যও অনেক। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে চলমান প্রতিযোগিতা, বাণিজ্যিক বিরোধ এবং আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নে এই বৈঠক নতুন বার্তা দিতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য এটি আন্তর্জাতিক অঙ্গনে মস্কোর প্রভাব ও কূটনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের সঙ্গে একই আলোচনায় অংশ নেওয়া তাঁর জন্য তাৎপর্যপূর্ণ।

ট্রাম্পের জন্য বৈঠকটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ। একই সঙ্গে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী শক্তির নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে নিজের কূটনৈতিক সক্ষমতা তুলে ধরতে পারবেন তিনি।

অন্যদিকে, শি জিনপিংয়ের সামনে রয়েছে চীনের বৈশ্বিক প্রভাব আরও সুসংহত করার সুযোগ। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।

এদিকে, তিন নেতার বৈঠক ঘিরে ইউরোপ ও ইউক্রেনের মধ্যেও উদ্বেগ রয়েছে। বিশেষ করে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে দেশটির অংশগ্রহণ ছাড়া বড় শক্তিগুলোর মধ্যে কোনো সমঝোতা হয় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গেও এবারের বৈঠকের তুলনা করছেন কেউ কেউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবারের বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত আসবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

বৈঠক থেকে বড় কোনো চুক্তি বা তাৎক্ষণিক সমঝোতার প্রত্যাশা কম বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, আলোচনার চেয়ে তিন নেতার একসঙ্গে উপস্থিতির প্রতীকী গুরুত্বই বেশি হতে পারে।

সব মিলিয়ে শেনজেনের বৃহস্পতিবারের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে তিন নেতা কী অবস্থান নেন, তার ওপর নির্ভর করবে এই বৈঠকের কূটনৈতিক তাৎপর্য।