Skip to main content

Brick Lane News

পিরোজপুরে বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রাণ গেলো হেলপারের

পিরোজপুরে বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রাণ গেলো হেলপারের

ব্রিকলেন নিউজ, লন্ডন: পিরোজপুরের ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দাঁড়িয়ে থাকা দুটি বাস পুড়ে গেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপার আগুনে দগ্ধ হয়ে মারা যান।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের (২৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামে। তিনি ওই গ্রামের কবির হোসেনের ছেলে।

ভান্ডারিয়া থানা-পুলিশ জানায়, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এখন পর্যন্ত সিয়ামের পরিবারের কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। বাসমালিকদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।