Skip to main content

Brick Lane News

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

ব্রিকলেন নিউজ, লন্ডন: হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অনলাইন পোর্টাল খোলা রেখে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।

বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী কামরুন নাহারের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির জানান, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করবে সরকার। এ সময়ের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।

রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার বলেন, এইচএসসি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, সরকার এক মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই ২৫ দিন সময় পিছিয়ে দিলে এসব শিক্ষার্থীও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

কামরুন নাহার জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয়গুলো এ নির্দেশনা বিবেচনায় নেয়নি। ইউজিসির নির্দেশনা বাস্তবায়নে নিষ্ক্রিয়তার অভিযোগে রিটটি করা হয়।

তিনি আরও বলেন, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের কথা রয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত থাকলে ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে।