মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় সাভার-আশুলিয়ার অন্তত ৮০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও আটটি কারখানা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক বিক্ষোভের কারণে ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও আটটি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েই কাজ বন্ধ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে পাশের আরেকটি কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
আশপাশের চালু কারখানার দিকে শ্রমিকদের একটি অংশ এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও বিজিবি বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এবং সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকায় শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেয়। জামগড়ায় দি রোজ ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরাও কাজ বন্ধ করে সড়কে নামার চেষ্টা করলে তাঁদেরও সরিয়ে দেওয়া হয়।
সকাল ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান ও সাঁজোয়া যান।