ব্রিকলেন নিউজ, লন্ডন: ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালিয়েছে দেশটির সরকারি সেনাবাহিনী, যাতে ১৭৩ জন বিদ্রোহী হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে সরকারি বাহিনীর এই সামরিক অভিযানের মুখেও এডেন অভিমুখে হুতিদের অগ্রযাত্রার গতি ঠেকানো না যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছে সেনা শিবির।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
তিনি জানান, হামলাগুলোর মধ্যে ছিল ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামানের গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, এসব অভিযানে হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং সামরিক দুর্গও হামলার লক্ষ্যবস্তু ছিল।
তিনি আরও জানান, সরকারি বাহিনী ও পপুলার রেজিস্ট্যান্সের যোদ্ধারা তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের সামরিক তৎপরতা মোকাবিলা করছেন। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনেও অভিযান চলছে।
সূত্র: আল জাজিরা