ব্রিকলেন নিউজ, লন্ডন: দুর্নীতির বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই চারজনের বিরুদ্ধে থাকা বিভিন্ন দুর্নীতির মামলার আইনি প্রক্রিয়া নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অনিয়ম, অর্থ পাচার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে আসে।
অভিযোগগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট এবং ৩০০ মিলিয়ন ডলার পাচারের বিষয়টিও রয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতি এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।
সংবাদ সম্মেলনে দুদক সচিব আরও জানান, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন কিছু সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সচিব বলেন, মামলার সংখ্যা বাড়ানোর চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।
এদিকে, শেখ হাসিনা, জয়, পুতুল ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানান তিনি।