Skip to main content

Brick Lane News

আসিফ মাহমুদের পোস্ট ভারতে নিষিদ্ধের অভিযোগঃ মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

আসিফ মাহমুদের পোস্ট ভারতে নিষিদ্ধের অভিযোগঃ মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

ভারতে আটক আন্দোলনকারীদের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া নিজের একটি পোস্ট দেশটিতে ব্লক করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির এই নেতা।

রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন আসিফ মাহমুদ। এ সময় তিনি ভারতীয় কর্তৃপক্ষের পাঠানো একটি নোটিশের স্ক্রিনশটও শেয়ার করেন।

নিজের পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’ পাশাপাশি এক্সে ভারতীয় একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পোস্টের শেষে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে লেখেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’

আসিফ মাহমুদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারার আওতায় ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পাঠানো নোটিশের পরিপ্রেক্ষিতে মেটা পোস্টটির অ্যাক্সেস দেশটির ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ করেছে। অর্থাৎ, স্ক্রিনশটের তথ্য অনুযায়ী, পোস্টটি ভারতে জিও-ব্লক করা হয়েছে। এর ফলে ভারতের ব্যবহারকারীরা দেশটির ভেতর থেকে পোস্টটি দেখতে পারছেন না বলে উল্লেখ করা হয়েছে।

তবে পোস্টটি ব্লক করার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা কিংবা এ ঘটনায় তাদের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।