বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি বলেছেন, তাকে যেন দুই বছর সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে তার নির্বাচনি এলাকায় কোনো উন্নয়ন কাজ আর অবশিষ্ট থাকবে না। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা এবং অসহায় দরিদ্রদের মাঝে রিকশা সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।
বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, যারা সাত মাসের মাথায় সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের ভিন্ন কোনো পরিকল্পনা আছে। পতিত ফ্যাসিস্টদের সাথে মিলে তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা করছে। তাই যারা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন, তাদের এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে।
সরকারের পথচলা মাত্র শুরু হয়েছে উল্লেখ করে শরীফুল আলম বলেন, এরই মধ্যে ভৈরব ও কুলিয়ারচরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুলিয়ারচরের উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ভৈরবসহ অন্যান্য ইউনিয়নেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম।