মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুত্রাজায়ার পুসারা নেগারা বা জাতীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। এর আগে, সোমবার সকালেই তিনি কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম গভীর শোক প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে সিতি হাসমাহর শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারের প্রধান সচিব এবং প্রতিরক্ষা প্রধান সার্বিক বিষয়গুলো তদারকি করেন। জানাজা শেষে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশের যৌথ সামরিক প্রটোকলে তার মরদেহ পুসারা নেগারায় নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শোকবার্তায় সিতি হাসমাহর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার মাতৃসুলভ ব্যক্তিত্ব, অকৃত্রিম আচরণ এবং জাতির প্রতি অতুলনীয় অবদান মালয়েশিয়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৪০-এর দশকের শেষদিকে সিঙ্গাপুরে চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সময় তাদের মধ্যে পরিচয় ঘটেছিল। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনে তারা সাত সন্তানের জনক-জননী হিসেবে জীবন অতিবাহিত করেন।
আধুনিক মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে পরিচিত ছিলেন সিতি হাসমাহ। রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে বীরের বেশে তাকে বিদায় জানানো হলো। তার বিদায়ে মালয়েশিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের সেবা এবং মানুষের কল্যাণে তার কাজের স্বীকৃতি হিসেবেই এই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মাননা জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।