Skip to main content

Brick Lane News

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য-সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এছাড়া অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যসহ আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উপাচার্য জানান, গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করা এবং অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি পৃথক তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়নে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হিসেবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে অধ্যাপক ওবায়দুল ইসলাম আরও বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নানামুখী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৃহত্তর সমাজের যোগাযোগ ও সম্পর্ক দিন দিন বাড়ছে। এই সেতুবন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ জোরদার এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।