অসুস্থ হয়ে পড়েছেন আশির দশকের কবি ও ছোটপর্দার পরিচিত মুখ রিফাত চৌধুরী। বর্তমানে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়েছে। রিফাত চৌধুরীর পরিবারের তথ্যমতে, বেশ কিছুদিন ধরেই তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতা, প্রচণ্ড ক্লান্তি ও শারীরিক দুর্বলতার মতো সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্যসহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করা এই শিল্পীর সাহিত্যিক ও অভিনয় যাত্রা বেশ বর্ণিল। আশির দশকে লিটল ম্যাগাজিন আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে তিনি ‘ছাঁট কাগজের মলাট’ সম্পাদনা করেন। ১৯৮৪ সালে তার প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয়। সব মিলিয়ে এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে—‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত’, ‘সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’ এবং ‘আমি একজন ভৌগোলিক’ ইত্যাদি।
অভিনয় অঙ্গনে রিফাত চৌধুরীর পথচলা শুরু হয়েছিল নূরুল আলম আতিক পরিচালিত ‘বিজন মানুষ’ নাটকের মাধ্যমে। মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় নির্মিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘সিক্সটি নাইন’-এ ‘রিফাত কাকা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এটি ছিল তার অভিনয় জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট। পরবর্তী সময়ে তিনি ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
টেলিভিশন নাটকে দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কাজ। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউজফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘৪২০’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’ এবং ‘মুড়ির টিন’। তার এই সমৃদ্ধ কর্মময় জীবন এবং বর্তমান অসুস্থতার বিষয়টি এখন শোবিজ অঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।