Skip to main content

Brick Lane News

অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে কঠোর গৃহায়ন প্রতিমন্ত্রী

অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে কঠোর গৃহায়ন প্রতিমন্ত্রী

পূর্ববর্তী সরকারের আমলে অবৈধভাবে দখল বা বিতরণ করা সমস্ত সরকারি জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করে পুনরায় মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের রূপাতলী হাউজিং এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় এবং যারা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নিজের পারিবারিক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, রূপাতলীতে তার বাবা প্রথম শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বরিশাল ফিশিং লিমিটেড নামের সেই মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানাটি ছাড়াও তাদের ক্রয়কৃত বেশ কিছু জমি ফ্যাসিবাদী সরকার অন্যায়ভাবে দখল করে নিয়েছিল বলে তিনি অভিযোগ করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, আগের সরকার সন্ত্রাস, ভূমি দখল ও দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যার সাথে বর্তমান বিএনপির কোনো তুলনা চলে না। বরিশালে তার দলের কোনো কর্মী সরকারি জমি দখল করেনি বলেও তিনি দাবি করেন।

মন্ত্রণালয়ের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে আহম্মদ সোহেল মনজুর বলেন, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। এর অংশ হিসেবে বরিশালেও আবাসন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, গত সরকারের আমলে মন্ত্রণালয়ের মালিকানাধীন যেসব জমি বিভিন্ন অজুহাতে বরাদ্দ বা বিতরণ করা হয়েছে, সেসবের বৈধতা যাচাই করা হবে। অনিয়মের প্রমাণ মিললেই জমিগুলো সরকারের কবজায় ফিরিয়ে আনা হবে।

এ সময় সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুছুর রহমান, নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।