Skip to main content

Brick Lane News

ঢাকায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, মিয়ামি কনস্যুলেটে প্রবাসীদের স্মারকলিপি

ঢাকায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, মিয়ামি কনস্যুলেটে প্রবাসীদের স্মারকলিপি

চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে সন্তান প্রসবের সময় প্রসূতি ডোরা মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, গর্ভাবস্থায় চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ডা. ডোরার চিকিৎসায় অবহেলা করেছিলেন। এই মর্মান্তিক ঘটনাটি চিকিৎসা খাতে গাফিলতির গুরুতর প্রশ্ন সামনে এনেছে।

ডোরার মৃত্যুর ঘটনাটি কেন্দ্র করে ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিবাদ কর্মসূচি ও গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে।

কমিউনিটি নেতৃবৃন্দ এবং ডোরার স্বজনরা স্মারকলিপিতে উল্লেখ করেছেন যে, হাসপাতালের মেডিকেল রেকর্ড, চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র এবং দায়িত্বপালনকারী চিকিৎসকদের সিদ্ধান্তসমূহ খুঁটিয়ে যাচাই করা প্রয়োজন। তারা জোর দিয়ে বলেন, “আমরা কোনো ধরনের প্রতিহিংসা চাই না; আমরা সত্য উদঘাটন ও ন্যায়বিচার চাই।”

তাদের দাবি, তদন্তের মাধ্যমে যদি চিকিৎসক বা সংশ্লিষ্ট কারো পেশাগত অবহেলা প্রমাণিত হয়, তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। কনস্যুলেটের কাছে দেওয়া এই স্মারকলিপিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, স্বচ্ছতা বজায় রাখা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপি প্রদানকালে প্রবাসীদের হাতে থাকা ব্যানারেও একইভাবে চিকিৎসায় অবহেলাকারীদের শাস্তির দাবি ও ন্যায়বিচারের বার্তা ফুটিয়ে তোলা হয়।