Skip to main content

Brick Lane News

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু: আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু: আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন। এবারের অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ সময় আজ রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। এরপর রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর গোপন ব্যালট ভোটের মাধ্যমে ড. খলিলুর রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হন। শপথ গ্রহণের আগে আজ সকালে তার একটি মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে।

উল্লেখ্য, দীর্ঘ চার দশক পর কোনো বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম এই বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ড. খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণ বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।