ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছেন বিক্ষুব্ধরা।
বুধবার (১২ আগস্ট) বেলা ১২টা থেকে ২টার পর্যন্ত পৃথকভাবে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষে হামলার পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের লাঞ্ছিত করে মোবাইল ছিনিয়ে নেয়। একাধিক টেলিভিশনে লাইভ চালাতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এদিকে ক্ষমতাসীন দলের নেতারা নিয়োগ পরীক্ষা বাতিলের সময় বেধে দিলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ফ্যামিলি কার্ডের শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ইউএনওর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষের দরজা ও জানালায় আঘাত করে। দরজায় লাথি মারে। ফুলের টব ছুড়ে মারে।
একই সময়ে লালপুর ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ইউএনও’র বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বাগাতিপাড়া ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে দেবাশীষ বসাক ও বরকত উল্লাহ ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আওয়ামী লীগ এর কর্মীদের সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের নাম বাদ দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু বলেন, ‘বর্তমান ইউএনও ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া। তিনি আওয়ামী লীগের দোসর, তাদের নিয়ন্ত্রিত লোকদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছে। লালপুর
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশীদ পাপ্পু বলেন, এ নিয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ইউএনও। আজকের মধ্যেই প্রকাশিত ফলাফল বাতিল করতে হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডে কর্মী নিয়োগে অনিয়ম করায় ইউএনওকে প্রত্যাহারের দাবি জানান তিনি।