কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের পর আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাফিজুর রহমান যাতে আত্মগোপন বা পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সে জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান হাফিজুর রহমান। পরে ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।
এর পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের জামিনাদেশ ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।
তবে আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আত্মসমর্পণ করেননি। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।
তনু হত্যা মামলা
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু।
ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউসের কাছে একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলাটির তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে প্রথমবারের মতো গ্রেপ্তার করে পিবিআই।