তিন শর্তে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে এবং গত ১৫ জুলাই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার।
তবে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি শর্তসাপেক্ষে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এ ছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।