প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক টিমে যুক্ত হলো নতুন মুখ। গণ অধিকার পরিষদ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনের কপি প্রকাশ করে বিষয়টি জানান রাশেদ খাঁন নিজেই।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।” এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাশেদ খাঁন আরও বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, আস্থা ও বিশ্বাসের সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।