Skip to main content

Brick Lane News

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু

আগামী বছর পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রাক-নিবন্ধন শেষ করার জন্য সম্ভাব্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক কর্মসূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন। সে সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে হজের সময়সূচি তার হাতে তুলে দেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা ইস্যু শুরু হবে।

এছাড়া আগামী ৮ এপ্রিল থেকে হজযাত্রী বহনকারী ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।