Brick Lane News

আইএমএফের শর্ত দেশের স্বার্থবিরোধী ছিল, তাই বেরিয়ে এসেছি: অর্থমন্ত্রী

আইএমএফের শর্ত দেশের স্বার্থবিরোধী ছিল, তাই বেরিয়ে এসেছি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ব্রিকলেন নিউজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরকার শূন্য হাতে ফেরেনি বলে সংসদে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিগত সরকারের আমলে নেওয়া ওই কর্মসূচির বেশ কিছু শর্ত জনস্বার্থবিরোধী হওয়ায় বর্তমান সরকার নিজ থেকেই চুক্তিটি থেকে বেরিয়ে এসেছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এসব কথা বলেন।

পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ‘আগের সরকারের নেওয়া কর্মসূচির কিছু শর্ত আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ, সেগুলো দেশ ও সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থের পরিপন্থি ছিল। তাই দেশের কথা বিবেচনা করে আমরা নিজেরাই ওই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।’

চুক্তি থেকে সরে আসার কারণে আইএমএফের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও সংসদকে আশ্বস্ত করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

ভবিষ্যতে সংস্থাটির সঙ্গে কাজ করার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘দেশের এবং জনগণের স্বার্থ বিবেচনায় রেখে আইএমএফের সঙ্গে নতুন করে আলোচনা হবে। সেই আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে নতুন প্রোগ্রাম গ্রহণ করা হবে।’

সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে, সরকার বৈদেশিক ঋণের ক্ষেত্রে কঠিন শর্তের কাছে মাথা নত না করে নিজস্ব অর্থনৈতিক স্বার্থকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।