
এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্নফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা হবে। সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রযুক্তি নির্ভর ক্লাস রুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা। শিক্ষাব্যবস্থাকে সুন্দর করার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি বলেন, ২০০১ সালে পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। পুলিশের জন্য বডি অন ক্যামেরা রাখা হবে। এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বণ্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রণয়ন করা হবে।
এহছানুল হক মিলন বলেন, যেকোনো পরীক্ষা সম্পন্ন হবার দুই মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ২ বছরের কোর্স ২ বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকতে পারবে না।