Brick Lane News

মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহ করা হবে: ফখরুল

মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহ করা হবে: ফখরুল

মেঘনা নদীর পানি আধুনিক প্রযুক্তির মাধ্যমে শোধন করে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও পানির চাহিদা মেটাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ভূ-উপরিস্থ উৎস থেকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প।

তিনি বলেন, প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ উপকৃত হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, প্রকল্পটি চালু হলে শুধু বিশুদ্ধ পানির সরবরাহই বাড়বে না, একই সঙ্গে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তাও অনেকাংশে হ্রাস পাবে।

পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তারা জানান, প্রকল্পের অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ সম্পন্নের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে-১৭ অংশের চলমান কাজ পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।