নানা আলোচনা-সমালোচনার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুরকে। তার স্থলাভিষিক্ত হিসেবে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ক একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক আজ দুপুর পৌনে ২টায় অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেছেন। বের হওয়ার পর সাংবাদিকরা জানতে চাইলে নাজমা মোবারেক বলেন, ‘অপেক্ষা করুন। এখনই কিছু বলতে চাইছি না। কিছু হলে জানতে পারবেন।’
সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা সংবাদ সম্মেলন করে গভর্নরকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিন কর্মকর্তাকে শোকজ করা হয়। পরে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাদের ঢাকার বাইরে বদলি করা হয়। বিষয়টি ব্যাংকপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।