বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় মোংলা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, দ্রুতগতিতে চলাচলের সময় দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহনাজ মোশাররফ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ ৯ জনের লাশ আমাদের হাসপাতালে এসেছে। তাদের মৃত অবস্থায় আনা হয়।
রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত মন্ডল জানান, নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আর ৪ জনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। গুনাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল।





