সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতে ভোট দিলে নারীদের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, তালিমের নামে নারীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ কারণে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন টুকু। তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
টুকু বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে নির্যাতন করে কারাগারে পাঠিয়েছেন। নির্যাতনের মধ্যেও তিনি মাথানত করেননি। তিনি দাবি করেন, সেই নির্যাতনের কারণেই বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং তার জানাজা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, ভোট একটি বড় আমানত। এই আমানত রক্ষায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে এবং অনেক রক্ত ঝরেছে। তাই ভোট সঠিক জায়গায় দেওয়ার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট চান তিনি।
পথসভায় টুকু আরও বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন ১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকেই সারা দেশে উন্নয়ন কার্যক্রম শুরু হবে। সিরাজগঞ্জের তাঁত শিল্পের উন্নয়নের মাধ্যমে শাড়ি ও লুঙ্গি বিশ্ববাজারে রপ্তানির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে চিকিৎসক, নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করা হবে এবং কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে।
পথসভায় কামারখন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



