Brick Lane News

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে : ড. ইফতেখারুজ্জামান

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডিতে টিআইবির কনফারেন্স রুমে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর অনীহা এবং আমলাতান্ত্রিক চাপের কারণে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে সরকার ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনের পরও রাজনৈতিক দল ও আমলাতন্ত্র কোনো বাস্তব শিক্ষা গ্রহণ করেনি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের পুরো প্রক্রিয়াজুড়ে রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের বক্তব্য ছিল সরকারের ‘হাত-পা বেঁধে দেওয়া যাবে না’। এর মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় চেক অ্যান্ড ব্যালান্স ব্যবস্থার বিরোধিতা করা হয়েছে।

ভোটের মাঠে দলবদ্ধ সহিংসতা বা ‘মব’ সংস্কৃতির আশঙ্কা তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে মব সংস্কৃতির উৎপত্তি সরকারের ভেতর থেকেই হয়েছে, এমনকি এর উৎস সচিবালয় পর্যন্ত বিস্তৃত। সরকার মবকে ক্ষমতায়িত করায় শাসনের নৈতিক ভিত্তি দুর্বল হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে নির্বাচনে মব বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়কে অন্তর্ভুক্ত করে এই গবেষণা পরিচালিত হয়। এতে বিচার, সংস্কার, নির্বাচন, রাষ্ট্র পরিচালনা, দুর্নীতি এবং অংশীজনদের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ রাষ্ট্র সংস্কারের ১৮টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের অগ্রগতি ও ঘাটতি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে। গুমসহ মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও বিচারে র‍্যাব বিলুপ্তি এবং গোয়েন্দা সংস্থার সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে সরকারের অবস্থান নেতিবাচক।

Related Posts

Social Media

সর্বশেষ খবর