Skip to main content

Brick Lane News

শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক চমক দেখছে ক্রিকেট দুনিয়া। একদিন আগেই নেপালকে হারিয়ে প্রথম জয় তুলেছিল ইতালি। আজ আরও এক বিস্ময় সৃষ্টি করেছে জিম্বাবুয়ে। ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের ঐতিহাসিক জয় পেয়ে তারা গ্রুপপর্বে টানা দুই জয় অর্জন করেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে, ফিফটি করেন ব্রায়ান বেনেট। রান তাড়ায় শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ও রেনশদের ব্যাটে কিছুটা প্রতিরোধ তৈরি হলেও শেষ পর্যন্ত অজিরা অলআউট হয় ১৪৬ রানে। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি চার ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

ম্যাচ সেরা মুজারাবানি বলেন, ‘জিততে পেরে ভালো লাগছে। সুপার এইটে কোয়ালিফাই করতে পারলে আরও ভালো লাগবে। তাই পরের ধাপ নিয়েই ভাবছি।’ পাওয়ার প্লেতে তিনি জশ ইংলিশ ও টিম ডেভিডের উইকেট নেন, শেষ দিকে ম্যাট রেনশকে ফেরান এবং অ্যাডাম জাম্পাকে বোল্ড করেন।

বোলিং সম্পর্কে মুজারাবানি বলেন, ‘এটি আমার অন্যতম সেরা পারফরম্যান্স। বিশ্বের সেরা খেলোয়াড়দের বোলিং করেছি এবং খুব খুশি যে ভালো করতে পেরেছি। কন্ডিশন আলাদা ছিল, তবে বাউন্ডারি আমাকে সুবিধা দিয়েছে। উইকেট ধীরে ছিল, তাই মানিয়ে নিয়েছি।’ তিনি দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন এবং বলেন, ‘সকলেই দলের জন্য খেলেছে। আমরা রিচ (এনগারাভা) মিস করেছি, তবে ব্র্যাড (ইভান্স) দুর্দান্ত খেলেছে। লম্বা বোলার হিসেবে কখনো কখনো ইয়র্কার মারাটা কঠিন, তবে দল সবাই ভালো করেছে।’

এই জয়ে জিম্বাবুয়ে গ্রুপে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সমান পয়েন্টের ভিত্তিতে শীর্ষে আছে শ্রীলঙ্কা, নেট রানরেটে এগিয়ে।