মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভারত ও বাংলাদেশ সংলগ্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, ভারত বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে এবং খরা মৌসুমে পানি আটকে রেখে যে সংকট তৈরি করছে, তা সুরমা নদীসহ অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষায় চীন সরকারের সহযোগিতায় তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের ভূরাজনৈতিক অবস্থানের কারণে কাউকেই চোখ রাঙানোর সুযোগ দেওয়া হবে না এবং এক ইঞ্চি জমিও কারো দখলের সুযোগ নেই। তিনি স্পষ্ট করেন যে দেশের স্বার্থ কোনোভাবেই বিকিয়ে দেওয়া যাবে না। এছাড়া, অতীতে নিষিদ্ধ হওয়া গোষ্ঠী বা যারা খুনের সঙ্গে জড়িত, তারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করে, তবে তাদের কঠোর হাতে দমনের নির্দেশও দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আমাদের মাটির ওপর দিয়ে আপনারা চলবেন অথচ ট্যাক্স দেবেন না, তা হতে পারে না।
সাম্প্রতিক গ্যাস সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরের অববাহিকায় প্রতিবেশী দেশগুলো গ্যাস উত্তোলন করলেও এতদিন বাংলাদেশের নিজস্ব সম্পদের দিকে নজর দেওয়া হয়নি। তিনি দাবি করেন, আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় সমুদ্রের নিচ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গ্যাস দিয়েই দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাম্প্রতিক গ্যাসের সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগরের বাম দিক থেকে মিয়ানমার গ্যাস তুলছে, ডান দিক থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের গ্যাসসহ নিয়ে যাচ্ছে তা উনারা এতদিন দেখেননি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।