Brick Lane News

কালবৈশাখী ও তীব্র বজ্রপাত হতে পারে ঈদের দিন

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬ ১০:৫০ এএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শীলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের দিন ও ঈদের আগের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শীলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের ওপরে দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এর আগে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি (মার্চ) মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে, এ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং এক থেকে দু-দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ ছাড়া মার্চে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি