Brick Lane News

যাদুকাটার জাদুকরি শিমুলবাগানে বাংলার চিরায়ত বসন্ত উৎসব

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪০ ্পিএম
যাদুকাটার জাদুকরি  শিমুলবাগানে বাংলার চিরায়ত বসন্ত উৎসব

আজ পয়লা ফাল্গুন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলবাগানে দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। যাদুকাটা নদীর পশ্চিম পাড়ের মানিগাঁও এলাকায় অবস্থিত এই শিমুলবাগান এখন ফুলে ফুলে লাল। গাছভরা শিমুল আর ঝরে পড়া ফুলে লাল হয়ে উঠেছে সবুজ জমিন। হাওর, নদী ও পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে স্থানটি ইতোমধ্যে জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি ২০২৩ সাল থেকে এখানে বসন্ত উৎসবের আয়োজন করে আসছে। জেলা সংস্কৃতি কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী জানান, শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া উৎসবের উদ্বোধন করেন। বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এবারের উৎসবে প্রায় ২০০ শিল্পী অংশ নিয়েছেন। সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, বাউল গান, আদিবাসী ও পাহাড়ি নৃত্যসহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে শিমুলবাগান।

পয়লা ফাল্গুন ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা এখানে ভিড় করেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে আসেন। তরুণেরা দল বেঁধে গান করেন, অনেকে ছবি তোলেন। শিশুদের দৌড়ঝাঁপ আর দর্শনার্থীদের ভিড়ে প্রাণ ফিরে পায় বাগানজুড়ে।

স্থানীয় বাসিন্দা ও আলোকচিত্রী অমিয় হাসান জানান, ২০০১ সালে বৃক্ষপ্রেমী সমাজকর্মী প্রয়াত জয়নাল আবেদীন প্রায় ৩০ একর জায়গাজুড়ে এই বাগান গড়ে তোলেন। বর্তমানে এখানে প্রায় তিন হাজার শিমুলগাছ রয়েছে। তাঁর উত্তরসূরিরা বাগানটির নাম রেখেছেন ‘জয়নাল শিমুল বাগান’। ফেব্রুয়ারির শুরু থেকে গাছে ফুল ফোটা শুরু হয় এবং মাসজুড়ে থাকে ফুলের রঙিন আভা।

জয়নাল আবেদীনের ছেলে রাখাব উদ্দিন বলেন, বসন্ত মৌসুমে দর্শনার্থীদের সুবিধার জন্য ক্যানটিন ও বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গেস্টহাউসও নির্মাণ করা হয়েছে। বাগানের সৌন্দর্যবর্ধনে আরও কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি