Brick Lane News

স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যায় আটক ২

স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যায় আটক ২

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে একজনকে ঢাকা থেকে এবং অন্যজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার খুনের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ এবং আল আমিন নামে দুই জনকে আটক করা হয়েছে। মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সোমবার (৮ জুন) রাত পৌনে আটটার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীরা রাত পৌনে আটটার দিকে আনারকলি মার্কেটের সামনে বিল্লাল হোসেনের ভাগনে মোবারক হোসেনকে (আকাশ) মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল হোসেন সেখানে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিস–বৈঠকের একপর্যায়ে দিদারুল ইসলামের সঙ্গে বিল্লালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়।

নিহত বিল্লাল হোসেনের বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তার বাবার নাম মৃত ইউসুফ তালুকদার।

এ ঘটনার পর রাতেই যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।