সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূর ঘর থেকে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতা শরিফুল ইসলাম মোড়লকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে দেবহাটা থানা পুলিশ তাকে আদালতে পাঠান। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার শরিফুল ইসলাম মোড়ল উপজেলার পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয়ভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক দায়িত্বে যুক্ত বলে জানা গেছে।
জানা যায়, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়ি ঘিরে ফেলেন। পরে ঘরের দরজা খুলে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে স্থানীয়দের দাবি। এরপর শরিফুলকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এদিকে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম দলের একজন সক্রিয় কর্মী। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে প্রসিকিউশন দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।