নিজস্ব প্রতিবেদক | উত্তরাঞ্চল
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি উগরে দিয়েছেন এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মীদের তাণ্ডব থামাতে না পারলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিএনপিকে।
ফেসবুকে বিশেষ লাইভে বিস্ফোরক সারজিস
আটোয়ারী উপজেলার রাখালাদেবী ইউনিয়নে এনসিপি’র ওয়ার্ড সেক্রেটারির বাড়িতে হামলার খবর পেয়ে গত রাতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন সারজিস আলম। পথিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ লাইভে এসে তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে গিয়ে এনসিপি কর্মীদের বাড়িতে তান্ডব চালাচ্ছে।
তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন:
“আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করার আগে আমাদের ওপর হামলা করতে হবে। গুঞ্জরমারিতে আসছি।”
‘নব্য স্বৈরাচার’ তকমা ও জোট রাজনীতি
নির্বাচন পরবর্তী এই সহিংসতাকে ‘নব্য স্বৈরাচারী’ আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন সারজিস আলম। তিনি প্রশ্ন তোলেন, কোনো একটি বিশেষ জোটে যাওয়ার কারণে কি মারধর বৈধ হয়ে গেছে? তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যা খুশি তাই করছে এবং এর বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে কঠোর প্রতিরোধের ডাক দেন তিনি।
সারজিস আলমের দেওয়া তথ্যমতে, গত রাত থেকে পঞ্চগড়ের অন্তত ৩০টি স্থানে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে:
-
তেঁতুলিয়া: এক নারী নেত্রীকে মারধর ও তার বাড়িতে হামলা চালানো হয়েছে।
-
আটোয়ারী: রাখালাদেবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারির বসতবাড়িতে ভাঙচুর করা হয়েছে।
ফেসবুল লাইভে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, যারা একসময় নিজেরা জুলুমের শিকার হয়েছিলেন, তারাই এখন নতুন করে ‘জালেম’ হয়ে উঠছেন। তিনি সতর্ক করে বলেন, এই ভয়ের রাজত্ব কায়েমকারীদের নিয়ন্ত্রণ করতে না পারলে দলটির পরিণতি অত্যন্ত করুণ হবে।
একইসাথে প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এনসিপি ও ১১ দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তব্যের শেষে সারজিস আলম আবেগঘন কণ্ঠে প্রত্যয় ব্যক্ত করেন যে, জীবন থাকতে কোনো নিরপরাধ ব্যক্তিকে কেবল ভিন্ন দল বা মার্কায় ভোট দেওয়ার অপরাধে জুলুমের শিকার হতে দেবেন না।





