বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী একটি প্রতারক দল, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা কখনোই সঠিক ইতিহাস তুলে ধরতে পারে না।
সোমবার বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জামায়াত এখন নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে এবং ভাড়ায় একজন মুক্তিযোদ্ধা এনে প্রমাণের চেষ্টা করছে যে তাদেরও মুক্তিযোদ্ধা রয়েছে।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিই প্রকৃত শক্তি। যখনই গণতন্ত্র ও সংবিধান বিপন্ন হয়েছে, বিএনপি তখনই তা রক্ষা করেছে। তাই দেশ রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় কক্সবাজার অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত হলে চকরিয়া থেকে সাতটি ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা গঠন করা হবে। মাতামুহুরী ও চকরিয়ায় একটি করে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, চকরিয়া-পেকুয়া-বাঁশখালী-আনোয়ারা সড়ক চার লেন এবং চকরিয়া শহরে বাইপাস সড়ক ও দুটি ফ্লাইওভার নির্মাণ করা হবে।
মন্ত্রী থাকাকালে চকরিয়া-পেকুয়ার উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, বদরখালী থেকে বমুবিলছড়ি এবং খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত অসংখ্য সেতু নির্মাণ করেছেন। নির্বাচিত হলে আরও সেতু ও সড়ক নির্মাণের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোকে মহাসড়কে রূপান্তর করা হবে বলেও জানান তিনি।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, সাঈদ ইব্রাহীম আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী ও চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী।





