ব্রিকলেন নিউজ , প্রতিবেদক,
ঢাকা: সরকারি চাকরির আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন মরক্কোর সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের এই সতর্কবার্তা দেন।
ভিডিও বার্তায় হারুন আল রশিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক চিফ অব প্রটোকল শহীদুল করিমসহ বর্তমানের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে কর্মকর্তাদের যেকোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। বিশেষ করে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডায়াস ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ বা অন্য কোনো অবমাননাকর শব্দ ব্যবহার করে বিবৃতি পাঠ করাকে তিনি সরকারি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেন।
সাবেক এই রাষ্ট্রদূত কর্মকর্তাদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, তারা যেন কোনো অবস্থাতেই রাজনৈতিক দলের ক্যাডারের মতো আচরণ না করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বিবৃতি দেওয়ার প্রয়োজন হলে তা কেবল রাজনৈতিক ব্যক্তিদেরই দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
সতর্কবার্তায় হারুন আল রশিদ আরও উল্লেখ করেন, সরকারি কর্মচারীরা যদি তাদের আইনি সীমা অতিক্রম করে এ ধরনের রাজনৈতিক আচরণ অব্যাহত রাখেন, তবে তাদের প্রতিটি কর্মকাণ্ডের রেকর্ড রাখা হচ্ছে। নিয়ম ভঙ্গকারীদের ভবিষ্যতে কঠোর জবাবদিহি এবং শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হবে। প্রত্যেক কর্মকর্তাকে কেবল সরকারি নিয়ম ও শিষ্টাচার মেনে নিরিবিলি দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এর ব্যত্যয় ঘটলে পরিণতি ভয়াবহ হতে পারে।