রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।
পুলিশ জানায়, শনিবার রাতে ও রোববার সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি পারিবারিক ব্যবহার ও একটি বিয়ের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার দেশে পাঠান। পরে তার ভাই সুমন ও বন্ধু রোহান চৌধুরী বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করে মাইক্রোবাসে করে রওনা হন।
এজাহারে অভিযোগ করা হয়, বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে তাদের পথরোধ করে কয়েকজন ব্যক্তি। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মামলা করেন সুমন। মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।