নির্বাচিত সংসদ সদস্যরা দুটি বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদের সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে, যা ‘জুলাইয়ের স্বীকৃতি’ এবং ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার প্রকাশ। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও অঙ্গীকার থাকলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ আরও বলেন, আলাপ-আলোচনা ও ঐক্য বজায় রেখে সবারই সনদ বাস্তবায়নে এগিয়ে আসা উচিত। তাঁর দাবি, অনেক ভোটার কেবল গণভোটে অংশ নেওয়ায় সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে প্রায় এক শতাংশ বেশি ভোট পড়েছে। অধিকাংশ মানুষ পুরোনো ব্যবস্থায় ফিরতে চান না বলেই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন নির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান ১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে।





